
জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন মো. ফুয়াদ উদ্দিন মিনা।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকালে উপজেলার রাতইল ইউনিয়নের চাপ্তা গ্রামে নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
এ সময় তিনি লিখিত বক্তব্য পাঠ করে জানান, দলীয় ওই পদটি তাঁর ইচ্ছার বিরুদ্ধে এবং অজ্ঞাতসারে দেওয়া হয়েছিল।
লিখিত বক্তব্যে মোহাম্মদ ফুয়াদ উদ্দিন মিনা বলেন, ‘আমি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা রাতইল ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিচ্ছি।’
তিনি বলেন, ‘আমি স্পষ্টভাবে সকলকে জানাতে চাই যে, দলের এ পদ পাওয়ার আগে কিংবা পরে কোনো সময়ই আমি দলের কোনো সভা, মিছিল বা অন্য কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলাম না। যে কোনো কারণেই হোক, আমি দলের কোনো কর্মসূচিতে উপস্থিত হতে পারিনি এবং ভবিষ্যতেও থাকব না।’
ফুয়াদ উদ্দিন মিনা আরও বলেন, ‘আমার ইচ্ছার বিরুদ্ধেই আমাকে এই পদ দেওয়া হয়েছিল। আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নই। আমার অজ্ঞাতসারে প্রদত্ত এ পদ গ্রহণেরও কোনো প্রশ্ন আসে না। তাই সকলের কাছে ক্ষমা প্রার্থনা করে আমি রাতইল ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক পদ থেকে পদত্যাগ করলাম।’ সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।