
জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গোপালগঞ্জে ভোটারদের উদ্বুদ্ধ করতে গানে গানে ব্যতিক্রমী প্রচারণা চালানো হয়েছে।
জেলা তথ্য অফিসের আয়োজনে ভ্রাম্যমাণ ট্রাকযোগে এ সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে জনসচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে জেলা তথ্য অফিস কার্যালয়ের সামনে দিনব্যাপী এ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা তথ্য অফিসার মো. সুলাইমান।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘নির্বাচন ও গণভোট বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে সঙ্গীত একটি অত্যন্ত কার্যকর ও শক্তিশালী মাধ্যম। শিল্পীরা তাদের সৃজনশীল পরিবেশনার মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব এবং নির্বাচন কমিশনের আচরণবিধি সাধারণ মানুষের সামনে সহজভাবে তুলে ধরছেন। এটি ভোটারদের কেন্দ্রে আসতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে উৎসাহিত করবে।
পরে একটি সুসজ্জিত ট্রাক জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও জনবহুল স্থান প্রদক্ষিণ করে। ট্রাকে থাকা শিল্পীরা নির্বাচনী সচেতনতামূলক গান এবং বিভিন্ন তথ্যবহুল কথামালা পরিবেশন করেন। রাস্তার মোড়ে মোড়ে গানের সুর শুনে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভিড় জমান। বিশেষ করে গ্রামীণ জনপদের সাধারণ ভোটারদের মধ্যে এ ব্যতিক্রমী প্রচার ঘিরে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।
দিনব্যাপী এ কর্মসূচিতে জেলা তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ এ আসর থেকে গানের পাশাপাশি লিফলেট বিতরণ ও নির্বাচনী নিয়মাবলী সম্পর্কেও সাধারণ মানুষকে অবহিত করা হয়।