
স্টাফ রিপোর্টার
ইমরান মাতুব্বরঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর শহিদুল মাতুব্বর (৩৫) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷
বুধবার (১০ জুন ) বিকেলে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নের পন্থাপাড়া এলাকার কাটাখাল নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করে মুকসুদপুর থানা পুলিশ।
নিহত শহিদুল মাতুব্বর গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের মৃত আঃ ছালাম মাতুব্বরের ছেলে।
মঙ্গলবার (৯ জুন) শহিদুলের ছিনতাই হওয়া ইজিবাইকটি মুকসুদপুর উপজেলার সিন্দয়া ঘাট থেকে উদ্ধার করে পুলিশ৷ সেই সূত্রধরে বুধবার ( ১০ জুন ) সকালে এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ শহিদুলের প্রতিবেশী কমলাপুর গ্রামের মৃত আবু শেখের ছেলে নূর হোসেন শেখ মাইকেল( ৩৫ ) ও একই গ্রামের কাশেম শেখের ছেলে পলাশ শেখকে ( ৩৪) আটক করে । তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করে।
ইজিবাইক চালক শহিদুল মাতুব্বরের ছোট ভাই সাহিদুল মাতুব্বর বলেন, আমার বড় ভাই ইজিবাইক চালিয়ে সংসার চালায়। ৬ জুন সকাল ১০ টার দিকে তিনি ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন । তারপর আর বাড়িতে ফিরে আসেনি ৷ এরপর বিভিন্ন জায়গায় খোঁজা খুঁজি করেও তাকে আমরা পাইনি । পরের দিন পরিবারের পক্ষ থেকে মুকসুদপুর থানায় একটি জিডি দায়ের করা হয় । ইজি বাইক ছিনিয়ে নিয়ে আমার ভাইকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছি । এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
মুকসুদপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ইজিবাইক উদ্ধারের পর ২ জনকে আটক করা হয়। তারপর তাদের স্বীকারোক্তির পর আমরা লাশ উদ্ধার করি। সুরাতহাল রিপোর্ট শেষে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে । প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, নিজেদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। আমরা তদন্ত করছি। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Reporter Name 








